তেলবাহী লরি-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে বালুবাহী ট্রাকে থাকা হেল্পার রিপন মিয়া ও অটোরিকশার যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি আনিসুর রহমান মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আই/এ