দেশজুড়ে

দুই ঘণ্টার মাথায় সেই সিভিল সার্জনকে প্রত্যাহারের সিদ্ধান্ত বদলালেন স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে গিয়ে চাঁদপুরের সিভিল সার্জনকে প্রত্যাহারের সিদ্ধান্ত দুই ঘণ্টা পর প্রত্যাহার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আকস্মিক পরিদর্শনে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় র‍্যাবিসের ভ্যাক্সিন না থাকায় সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জনের সঙ্গে কথা বলেন। তখন হাসপাতালের পরিবেশ দেখে তিনি তাঁকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।

পরে হাসপাতালের সম্মেলনকক্ষে তিনি বলেন, ‘আমি বহু জেলায় বহু হাসপাতাল দেখেছি। কিন্তু চাঁদপুর সদর হাসপাতালের মতো সুন্দর, পরিচ্ছন্ন পরিবেশ কোথাও দেখিনি। এতে আমি সেটিসফায়েড।

এ সময় মন্ত্রী  হাসপাতালের অবকাঠামো সমস্যা, লোকবল সমস্যা, আইসিইউ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ ছাড়া ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার, নৌ অ্যাম্বুলেন্সের দ্রুত ব্যবস্থা করার কথাও বলেন।

চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীন গণমাধ্যমকে বলেন, ‘হাইমচরে র‍্যাবিসের টিকা শেষ হয়ে গিয়েছিল, এ জন্য স্যার একটু রাগ করেছিলেন। তবে পরে তিনি ক্ষমা করে দেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন