সৌদি আরবে আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়, দুই জনের নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে।
সোমবার (১০ আগস্ট) সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহতদের এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (বাবা সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (বাবা মৃত বজলুর প্রামাণিক), মো. মোহন (বাবা গুফফার প্রামাণিক), মো. সুমন (বাবা গুফফার প্রামাণিক) ও মিনহাজ।
এছাড়াও বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল (বাবা মজনু) এবং সাদনগর গ্রামের সাগর রয়েছেন। তবে মিনহাজের সুনির্দিষ্ট গ্রামের নাম এখনও জানা যায়নি।
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার ডাংগাপাড়া গ্রামের শ্যামল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের লেবার উইং জানিয়েছে, ঘটনাস্থল থেকে মোট ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে এবং সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়েছ।
তবে হাবিবুর রহমান হাবিব নামে এক ব্যক্তি ঘটনার সময় চুল কাটার জন্য সেলুনে যাওয়ায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
উল্লেখ্য, কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশী কাজ করতেন। তারা নিজেরাই ওই কারখানাটির মালিক ও শ্রমিক ছিলেন এবং আসবাবপত্র বানিয়ে নিজেরাই বিক্রি করতেন।
আর/আই