শিক্ষা

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর 

পরীক্ষা কোনো শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত পরিমাপক নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ভেঙে না পড়ে ধৈর্য ধরার আহ্বান জানান।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় শিক্ষামন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল আশানুরূপ না হওয়া অত্যন্ত বেদনার ও হতাশার। তবে অকৃতকার্য হওয়া মানেই জীবনের গল্প শেষ হয়ে যাওয়া নয়। আজকের এই ফল কারও মূল পরিচয় হতে পারে না। এটি পরীক্ষার নির্দিষ্ট কয়েক ঘণ্টার একটা হিসাব মাত্র। কোনো মানুষের পরিশ্রম ও স্বপ্নের নির্দিষ্ট নম্বর হয় না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি অনুভব করতে পারি, এই সময়টা তোমাদের জন্য কত কষ্টকর। আমি নিজেও তোমাদের এই কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি। প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়ের তুলনা, সহপাঠীদের উপেক্ষা সব মিলিয়ে তোমাদের উপরে হয়তো এক গভীর হতাশা ভর করেছে।

অভিভাবকদের প্রতি বিশেষ বার্তা দিয়ে মন্ত্রী বলেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তান হয়তো আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আপনার মুখের দিকে তাকাতে। এই মুহূর্তে আপনার একটি কঠিন বাক্য, উপেক্ষা, ভৎসনার চাইতে দরকার একটু আদর, স্নেহময় কথা। ঘরটিকে ওর জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন।

শিক্ষকবৃন্দের প্রতি আহ্বান  জানিয়ে তিনি বলেন , অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিন। কেন সে পিছিয়ে পড়ল, সেই কারণ খুঁজে বের করা আমাদের দায়িত্ব; ব্যর্থতার দায় কেবল শিশুটির নয়, আমাদেরও।

শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় সব সময় পাশে থাকবে বলে বার্তায় পুনর্ব্যক্ত করা হয়।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন