চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে ফের বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা থাকায় সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার আবহাওয়া কিছুটা বৈরী হয়ে উঠতে পারে। এ সময় এসব এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
লঘুচাপটি আরও ঘনীভূত হলে সমুদ্র ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার বিরূপ পরিস্থিতি আরও বাড়তে পারে। তাই সমুদ্রবন্দর ও সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসি//