সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে দুই শিক্ষার্থী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ প্রমাণ পাওয়ার পর তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান হলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র।
অভিযোগের বিষয়টি প্রমান পাওয়ার পর দুই শিক্ষার্থীরদের হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন, শেখ মুজিবুর রহমান হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান।
তিনি জানান, এই ঘটনার তদন্তে হলের হাউস টিউটর ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ জানান, অভিযুক্ত দুই শিক্ষার্থীই প্রথম বর্ষের। তাদের বিরুদ্ধে বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া গেছে। পরে শিক্ষার্থীরা বিষয়টি স্বীকার করেছে।
তিনি আরও জানান, সহকারী প্রক্টরের উপস্থিতিতে তাদের আসন বাতিল করা হয় এবং স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে হল থেকে বের করে দেওয়া হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয় থেকেও শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়া চলছে।
অভিযুক্ত এক শিক্ষার্থী জানান, এই ঘটনা অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এমন কোন কর্মকান্ডের সঙ্গে জড়িত নই। আমার বাসা গোপালগঞ্জ জানার পর থেকে অনেকে আমার দিকে নেতিবাচকভাবে তাকিয়ে থাকে। যে ভিডিও বা ছবি প্রমাণ হিসাবে দেওয়া হয়েছে সেগুলো আমার রুমমেট করেছে এবং হল সংসদের জিএস এর সাথে তার ভালো সম্পর্ক থাকায় সেই রুমমেট এই ছবি ভিডিওগুলো জিএসকে দিয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর আমাকে ছাত্রদলের কর্মী হিসেবেও প্রচার করা হয়েছে কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।
এদিকে অভিযোগের প্রকৃত ঘটনা ও এর পেছনের কারণ নির্ধারণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আর/আই