যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজার বিদেশি নাগরিকের ভিসা বাতিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ১ লাখ ৭৫ হাজার বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে।
গত সোমবার (১০ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য প্রকাশ করে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে এসব ভিসা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ভিসাগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুবিধা। যারা এই সুবিধার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের উপায় ব্যবহার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, যাদের ভিসা বাতিল হয়েছে তাদের মধ্যে ধর্ষণ ও যৌন নিপীড়ন, শিশু নির্যাতন ও যৌন শোষণ, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং বেপরোয়া বা অতিরিক্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধের অভিযোগ রয়েছে।
কিছু ব্যক্তি প্রতারণার মাধ্যমে গ্রাহক ও যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচি থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস প্রায় ১০০ জনের ভিসা বাতিল করেছে। অভিযোগ রয়েছে, তারা সন্তানকে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়েছিলেন।
এদিকে, রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের মৃত্যুকে উদ্যাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার অভিযোগেও কয়েকজন বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ভিসা দেওয়ার ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন কঠোর নীতি গ্রহণ করেছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই আরও জোরদার করা হয়েছে এবং যাচাই-বাছাইয়ের পরিধিও বাড়ানো হয়েছে।
তবে অধিকারকর্মী ও মানবাধিকার বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের এই উদ্যোগের সমালোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করতে পারে এবং অভিবাসীদের ওপর অতিরিক্ত নজরদারির সুযোগ তৈরি করছে।
আর/আই