জাপানে অতিবৃষ্টিতে ৬ জনের মৃত্যু, বিদ্যুৎহীন ২০ হাজার পরিবার
জাপানের রাজধানী টোকিওর পার্শ্ববর্তী চিবা এলাকায় রেকর্ড বৃষ্টিপাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন স্থানীয় কর্মকর্তারা।
শুক্রবার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে চিবার বিভিন্ন এলাকায় ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগস্ট মাসে সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয়, এবারের বৃষ্টিপাত তার প্রায় তিন গুণ। এটিকে জাপানে এ সময় পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে ভারী বৃষ্টিপাতগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রবল বর্ষণে চিবা এলাকায় ২০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় বৃহস্পতিবার এক লাখের বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরিস্থিতির অবনতিতে বৃহস্পতিবার সর্বোচ্চ ৫ মাত্রার জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। শুক্রবার সকালে তা ৪ মাত্রায় নামিয়ে আনা হলেও বন্যা ও ভূমিধসের ঝুঁকি এখনো রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বৃষ্টির কারণে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ হাজার যাত্রী রাতভর আটকা পড়েন। অনেক যাত্রী বিভিন্ন মেট্রো স্টেশনেও আটকে ছিলেন। এ ছাড়া চিবা প্রিফেকচারাল সরকারের একটি ভবনে প্রায় ১ হাজার ৮০০ মানুষ রাত কাটান।
শুক্রবারও বেশ কয়েকটি রেলসেবা বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
নারিতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে। তবে জাপান এয়ারলাইনস জানিয়েছে, কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে।
এমএ//