শিবির ও এনসিপির বিরুদ্ধে সিরাজগঞ্জ-৩ আসনে এমপির গাড়িতে হামলার অভিযোগ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িবহরকে ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবির ও এনসিপির কর্মীরা এ হামলা করেছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এক লাইভে এমপি ভিপি আইনুল হক বলেন, জনসাধারণের সঙ্গে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় তাদের বহর বাধার মুখে পড়ে। একপর্যায়ে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এমপির সঙ্গে থাকা ফয়সল বিশ্বাস লাইভে এসে এ ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেন। তার দাবি, দলটির প্ররোচনায় ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা এমপির বহরে হামলা চালিয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ