বাস-গরুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী ট্রাক ও শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত আরও চারটি গরু স্থানীয়দের মাধ্যমে জবাই করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালবাথান এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি গরুবাহী ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে গরুবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকে থাকা লোকজন হতাহত হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় ট্রাকের ভেতর থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ওসি মো. আবু জাফর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আই/এ