রাজনীতি

জনগণের দুর্ভোগ ও নিজেদের ব্যর্থতাকে ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের গণরায় কার্যকর না করে তো উপায় নেই। সেজন্য বিদ্যুৎ ও গ্যাস নিয়ে জনগণের এই দুর্ভোগ ও নিজেদের ব্যর্থতাকে ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে।

রোববার (১৬ আগস্ট) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, হাজার হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। সরকার চাইলে জরুরি খাতের অর্থ ব্যবহার করে দ্রুত সংকট মোকাবিলায় পদক্ষেপ নিতে পারে। সমস্যা সমাধানে ১০ বছরের অজুহাত দেখানো বন্ধ করতে হবে। সংকট সমাধানে দীর্ঘ সময়ের কথা বলে জনগণকে শান্ত রাখা যাবে না। যেকোনও সরকার জরুরি পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ কমাতে তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপ নিতে পারে।

তিনি বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ, ভুতুড়ে বিল বন্ধ এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে অর্থ অপচয় বন্ধ করা দরকার। সিন্ডিকেট করে লুটপাটের মার্কেট করে রেখেছে সরকার। এগুলো বন্ধ করে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। কিন্তু সেদিকে সরকারের নজর নেই। তাদের নজর বিরোধী দলের আন্দোলনের দিকে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কেউ ১০ বছর, আবার কেউ দুই বছরের মধ্যে সমস্যা সমাধানের কথা বলছেন। তাদের বক্তব্যের মধ্যেই সামঞ্জস্য নেই। তারা আগে নিজেদের মধ্যে সালিশটা মিটিয়ে নিক।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে দলের প্রস্তাব তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন