জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার ২০ আগস্ট। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের আয়োজন করা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, ব্যালট কীভাবে গ্রহণ ও পূরণ করবেন এবং ভোট গণনার পর কীভাবে ফল ঘোষণা করা হবে- এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া তুলে ধরেন তিনি।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল মঙ্গলবার বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ২০ আগস্টের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনকর্তা সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এরপর শুরু হবে ভোটগ্রহণ।

যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারে দুটি অংশ থাকবে। এর একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট। মুড়ি অংশে থাকবে ব্যালটের ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর। নির্ধারিত স্থানে সংসদ সদস্যকে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তার হাতে তুলে দেওয়া হবে মূল ব্যালট পেপার।

মূল ব্যালটের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী ছাপানো থাকবে। প্রতিটি প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে ভোটদাতা সংসদ সদস্যকে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে।

ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে ব্যালট গণনা।

যেভাবে ঘোষণা হবে ফলাফল

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। গণনার সময় প্রথমে কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ হয়েছে, কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসবের হিসাব করা হবে।

এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কতটি বৈধ ভোট পেয়েছেন, তা গণনা করা হবে। যে প্রার্থী সর্বাধিক বৈধ ভোট পাবেন, নির্বাচনকর্তা তাকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করবেন।

ভোট গণনা ও ফল ঘোষণা শেষে নির্বাচনকর্তা নির্বাচন কমিশনে ফিরে যাবেন। এরপর নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকারি গেজেট প্রকাশ করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন