জাতীয়

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস

ছবি: সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ছিল ৬টি দেশ। ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটির পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় দেওয়া এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পার হলেও তাদের প্রত্যাবাসনে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিনের এ সংকটের কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরেন সঞ্চিতা হক।

তার আশা, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে ২০২৬ সালের যৌথ সাড়াদান পরিকল্পনাসহ রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা তহবিল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।

এদিকে প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় এ বিষয়ে ভোটাভুটির দাবি জানায় যুক্তরাষ্ট্র।

ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ বিরোধিতার অবস্থান রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও স্পষ্ট করে দেশটি।

একইসঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন