আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বাংলাদেশে চলে যান: বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে যাদের থাকতে অসুবিধা হচ্ছে, তাদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার এমন মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিজেপির এই জ্যেষ্ঠ নেতা।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার গঠনের গত ছয় মাসে পুলিশের অন্তত পাঁচটি এনকাউন্টারে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্ক চলছে।

এর মধ্যেই বুধবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক।’

অর্থাৎ পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে পরিচালনার পরিকল্পনার কথাই তুলে ধরেছেন তিনি।

দিলীপ ঘোষের অভিযোগ, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। সেই পরিস্থিতি ঠেকাতে বিজেপি সরকার রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের মডেলে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক।’

অপরাধ দমনে পুলিশের এনকাউন্টারের পাশাপাশি প্রয়োজনে বুলডোজার ব্যবহারেরও হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী।

তার মতে, কঠোর পদক্ষেপ নেওয়ার সাহস যাদের নেই, তারাই অপরাধীদের সঙ্গে আপস করে। তবে বর্তমান সরকার অপরাধ দমনে কোনো ছাড় দেবে না।

নারীদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতো পরিণতি হবে। এ ছাড়া গত ৫০ বছর ধরে গ্রামীণ বাংলায় অপরাধীদের যে দাপট ছিল, তা আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না বলেও জানান এই বিজেপি নেতা।

তবে দিলীপ ঘোষের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো।

তাদের মতে, বিচারবহির্ভূতভাবে বলপ্রয়োগের এমন প্রবণতা অব্যাহত থাকলে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে পারে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, কোনো এনকাউন্টার বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সেই ব্যতিক্রমকে সমাজের স্বাভাবিক নিয়মে পরিণত করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এ বক্তব্য পশ্চিমবঙ্গে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয় নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়। সে সময় তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলা বিরোধী’ ও ‘বহিরাগত’ হিসেবে তুলে ধরে প্রচার চালায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনেও আঞ্চলিক পরিচয়ের বিষয়টি সামনে এনে প্রচার চালায় তৃণমূল। ওই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসনসংখ্যা ১৮ থেকে কমে ১২টিতে নেমে আসে।

অন্যদিকে, বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়, যাদের বেশির ভাগই মুসলিম। এর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন দিলীপ ঘোষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন