জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন তিনি। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা বলেন দুই নেতা। এ সময় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববৈঠকে এরদোয়ানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ স্মরণ করেন তারেক রহমান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন