তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও গুরুত্ব পেতে পারে।
৩১তম জলবায়ু সম্মেলন সামনে রেখে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
তিনি জানান, ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর ফ্লাইটটির স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এমএ//