১০০ শয্যার ৬ শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যার মোট ছয়টি বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে আমরা এই ৬টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।
তিনি বলেন, শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির প্রক্রিয়াটি বিশেষভাবে শুধু শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই করা হবে।
তিনি আরও বলেন, কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
আই/এ