রাজনৈতিক দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকা আমি ব্যক্তিগতভাবে দোষের মনে করি না। তবে যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কারো কারো মনে হয়তো প্রশ্ন উঠতে পারে,বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। ইয়েস, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। পার্থক্য হচ্ছে, বর্তমান সরকার যেসব এজেন্ডা বাস্তবায়ন করছে, সেসব এজেন্ডা বাস্তবায়নের জন্যই জনগণ ভোট দিয়ে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি বলেন, সেবা গ্রহিতার বিষয়ে আন্তরিক হতে হবে। ধরা যাক, কোনো একজন নাগরিক আপনাদের কাছে একটি আবেদনপত্র নিয়ে এসেছেন। আবেদনপত্রে ভুল থাকলে আপনি যদি বলেন, ‘আবেদনপত্রে ভুল রয়েছে, ঠিক করে আনুন’। এভাবে বলা বেআইনি কিংবা অন্যায় নয়। তবে তাকে যদি সুনির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে দিয়ে কোথায় কার কাছে গিয়ে ভুলটি সংশোধন করা যায়, সেই পরামর্শটি দিলে সেটিই হবে মানবিকতা কিংবা আন্তরিকতার বহিঃপ্রকাশ। দেশের জনগণ কিন্তু আপনাদের কাছে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও আশা করে।
তিনি আরও বলেন, যেকোনো সময় দেশের যেকোনো স্থানে, জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা চূড়ান্ত পেশাদারত্বের পরিচায়ক। সবারই মনে রাখা জরুরি, একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।
এসময় প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের সাফল্য কামনা করেন।
আই/এ