৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকে ৭ নভেম্বরের বিপ্লব র্যালি হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন, আজকের এই র্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার দিন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব শোভাযাত্রার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর একই সাথে যে গণতন্ত্রকে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের মানুষ জীবন বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত করেছে, সেই গণতন্ত্রকে রক্ষার দিন হোক।
তিনি বলেন, ‘‘আসুন বাংলাদেশের সকল গণতন্ত্রকারী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র দেশের ভিতরেই হোক, দেশের বাইরেই হোক, সকল ষড়যন্ত্রের জবাব আমরা এক করে দিব। কোনো ষড়যন্ত্র করে মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।”
তিনি আরও বলেন, “৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার দিন।”
চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে সরকারপ্রধান বলেন, “বাংলাদেশের ছাত্রজনতা শুধু স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিরিয়ে আনে নাই। দেশের মানুষেরা সেই স্বৈরাচার সেই ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছেন’’
এর আগে দুপুল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় মঞ্চে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংক্ষিপ্ত ভাষণের পর তিনি শোভযাত্রা উদ্বোধন ঘোষণা করেন।
পরে শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর, ফার্মগেইট মোড় দিয়ে মানিক মিয়া অ্যাভেনিউয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।
আই/এ