পশ্চিমবঙ্গে পৃথক অভিযানে একদিনে ১৭ বাংলাদেশি আটক
পশ্চিমবঙ্গের দুই জেলায় পৃথক অভিযানে একদিনে ১৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে তিন শিশুসহ ১০ জন এবং মুর্শিদাবাদের রাণীনগর থেকে সাত পুরুষকে আটক করা হয়।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির গাজীর মোড় এলাকায় ইয়াকুব নামে এক ব্যক্তির বাড়িতে বাংলাদেশি নাগরিকদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ পুরুষ, দুই নারী ও তিন শিশুসহ ১০ জনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা বেঙ্গালুরুতে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হলে তারা বেঙ্গালুরু ছেড়ে রায়দিঘিতে ইয়াকুবের বাড়িতে আশ্রয় নেন।
আটক ১০ জনকে পরে দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র তাদের ছিল কি না এবং কীভাবে তারা রায়দিঘি পর্যন্ত পৌঁছেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাণীনগর থানার কাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও সাতজনকে আটক করা হয়। সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ওই সাতজন নিজেদের বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা বলে জানান। তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়ার কথা জানান। তাদের চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল এবং এজন্য মুর্শিদাবাদ হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশের কাছে তারা জানান, দালালের মাধ্যমে সীমান্ত পার হওয়ার পর ওই ব্যক্তি তাদের ফেলে পালিয়ে যায়। ফলে তারা বিপাকে পড়ে সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করছিলেন। পরে তাদের লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।
এসি//