১৩ দিন ধরে ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা
পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরে তিনটি ফিলিস্তিনি বাড়ি টানা ১৩ দিন ধরে অবরুদ্ধ করেছে রেখেছে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা।
শুক্রবার (২১ আগস্ট) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনাদের সহযোগিতায় এই অবরোধ চলছে।
কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি জানান, রাস আল-আইন এলাকায় অবরুদ্ধ বাড়িগুলোতে থাকা পরিবারগুলোকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। একইভাবে বাইরের কাউকেও তাদের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
তিনি জানান, ইসরাইলি বাহিনী একটি বাড়ি দখল করে সেটিকে সামরিক অবস্থান হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে পুরো এলাকাকে ‘বন্ধ সামরিক এলাকা’ ঘোষণা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকায় পরিবারগুলোর কাছে খাবার ও ওষুধ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এতে তারা খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সংকটে পড়েছেন বলে জানিয়েছেন মেয়র।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি সেনারা সামরিক পোস্ট হিসেবে ব্যবহার করা বাড়িটির ভেতরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত করে।
বাড়িটির মালিক ইউসুফ আবদেলসালাম ও তার পরিবারকে জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা অবরুদ্ধ অন্য একটি বাড়িতে অবস্থান করছেন।
এমএ//