সাংবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মঈন খান
সাংবিধানিক বিধান যথাযথভাবে অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংবিধানে যে বিধান রয়েছে, তা অক্ষরে অক্ষরে অনুসরণ করা হবে। আগের সরকারের আমলে যেভাবে নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক সরকার হিসেবে তারা সে ধরনের নির্বাচন আয়োজন করবে না বলেও জানান তিনি।
বিএনপিকে ‘ক্যান্টনমেন্টের দল’ বলা হয়—এমন সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছিলেন।
দুর্নীতি প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কেউ দুর্নীতিতে জড়িত হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়।
এমএ//