নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ
দেশের বিনিয়োগ কার্যক্রমকে আরও সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে একীভূত করেছে সরকার। তিন প্রতিষ্ঠানকে নিয়ে গঠন করা হয়েছে নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। এখন থেকে দেশের বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম এই নতুন কর্তৃপক্ষের অধীনেই পরিচালিত হবে।
নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ৮ ধারার ৫ উপধারা অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে।
তবে এই নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
জনস্বার্থে এ নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।