১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় গ্যাস-বিদ্যুৎ সংকট: রাশেদ খাঁন
বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপানার কারণে দেশে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, শেখ হাসিনার আমলে নতুন কোনো গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজ আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলেও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে কোনো উদ্যোগ নেয়া হয়নি। যে কারণে দেশে আজ এই সংকট। এই সংকট সরকারের সংকট নয়, এটি দেশের জাতীয় সংকট। সবাই মিলেই এই সংকট মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার সবার সাঙ্গে সমন্বয় করে চলমান এই সংকট থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায় থেকে এই সংকটের জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। সরকারের এমন উদারতা কেউ কখনো আগে দেখেনি।
জামায়াত নেতা আবু তাহেরের বক্তব্যের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘সম্প্রতি জামায়াত নেতা আবু তাহের সাহেব বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতের কোনো বাঁধা নেই। আওয়ামী লীগ নিয়ে জামায়াতের বাঁধা না থাকতেই পারে। কারণ তারা ৯৬ সালে আওয়ামী লীগের সাঙ্গে জোট বেধে আন্দোলন করেছে। আমি বলতে চাই, আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে গণঅভ্যুত্থানের শক্তিগুলো বাঁধা দেবে। আমরাই বাঁধা দেবো। জামায়াত বাঁধা না দিলেও আমরা বাঁধা দেবো।’
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে। দলীয় পরিচয় বহন করে কাউকে বিদ্রোহী হওয়ার সুযোগ দেয়া হবে না। জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিল। কিন্তু স্থানীয় নির্বাচনে সেই সুযোগ কাউকে দেয়া হবে না।
আর/আই