দেশজুড়ে

সিরাজগঞ্জের এমপির গাড়িবহরে হামলা, মূল আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়িবহরে হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৪ আগস্ট)  রাতে রায়গঞ্জের ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।

তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের জন্য জায়গা নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন সংসদ সদস্য আইনুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার সময় হঠাৎ হামলার শিকার হন তিনি। এ ঘটনায় সংসদ সদস্য নিরাপদে থাকলেও বহরে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তে নেমে পুলিশ গত ১৭ আগস্ট রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। এবার মামলার প্রধান আসামি তমাল সরকারও পুলিশের হাতে ধরা পড়লেন।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন