২৬ আগস্ট রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক এবং ক্ষতিকর বা দূষণীয় দ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগম্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে। অধিবেশন শান্তিপূর্ণভাবে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৬ আগস্ট রাত ১২টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার সীমানাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা।
এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার মধ্যে থাকবে।
রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে।
নির্ধারিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে নির্ধারিত এলাকাগুলোতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। পাশাপাশি সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
এসি//