অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, তা সরকার নিশ্চিত করবে : শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, কিংবা যে দলই হোক; রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে আটকে না থাকে, তা বর্তমান সরকার নিশ্চিত করবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি বাংলাদেশ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, দেশের ইতিহাসে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন আগে কখনো হয়নি। এর সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতাকর্মীরা। সুতরাং এ সরকার চায় সবার ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করা হোক এবং প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষা করা হোক।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর অতি উৎসাহী হয়ে অনেকে মামলা দায়ের করেছেন। সেসব মামলাও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে বলে জানিয়েছে। মামলাগুলো পর্যালোচনা করে যদি কোনো সত্যতা না পাওয়া যায় বা কোনো ভিত্তি না থাকে, তাহলে পর্যালোচনার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন মন্ত্রণালয় এ বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি আরও বলেন, মিয়ানমারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যোগাযোগ চলছে। তাছাড়া চীনের প্রেসিডেন্ট জোরালোভাবে রোহিঙ্গা সংকট সমাধানে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মালয়শিয়া ও তুরস্কের মুসলিম দেশগুলোকে সঙ্গে নিয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের বিষয়ে আশ্বাস দিয়েছে চীন।
আই/এ