বিএনপি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, দলের কাউন্সিলের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার সঙ্গে রাজনীতি করেছে। নানা সংগ্রাম ও শোকের মধ্য দিয়ে দলটি এগিয়ে এসেছে। নিপীড়ন ও অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপিকে ন্যূনতম ক্ষতি করতে কিংবা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি।

এদিকে শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের অভিযোগের বিষয়ে রিজভী বলেন, ঘটনাটি বিএনপির নজরে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন