ভারতের কেরালা রাজ্যের নতুন নাম এখন ‘কেরালম’, বিজ্ঞপ্তি জারি
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালম’ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে নতুন নামটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কেরালা (নাম পরিবর্তন) আইন, ২০২৬’-এর ১ নম্বর ধারার ২ নম্বর উপধারায় দেওয়া ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার ২৫ আগস্ট থেকে আইনটির বিধান কার্যকর করেছে।
এর আগে চলতি আগস্ট মাসে কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার বিলে অনুমোদন দেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্টের অনুমোদনের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়।
নাম পরিবর্তনের প্রক্রিয়ায় গত ১১ আগস্ট লোকসভায় ‘কেরালা (নাম পরিবর্তন) বিল’ পাস হয়। পরদিন রাজ্যসভাতেও বিলটি অনুমোদন পায়।
রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০২৪ সালে কেরালা বিধানসভা রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আইন প্রণয়নের অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পাস করেছিল।
তিনি বলেন, নতুন আইনে কেরালা রাজ্যকে ‘কেরালম’ নামে পরিচিত করার বিধান রাখা হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালম’ করা হয়েছে।
এসি//