হরমুজে অস্থায়ী নৌপথ চালুতে সম্মত ইরান-ওমান
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আংশিকভাবে সচল করতে একটি অস্থায়ী নৌকরিডর চালুর বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শান্তি চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরো প্রণালি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান।
বুধবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, তেহরানে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার জন্য ধাপে ধাপে একটি কাঠামো বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনকে ঘারিবাবাদি বলেন, ওমানের সঙ্গে সমঝোতা অনুযায়ী নতুন নৌকরিডরের প্রবেশপথ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে। এর একটি অংশের বহির্গমন পথও ইরানের জলসীমার মধ্যে থাকবে। করিডরটির প্রস্থ প্রায় ১১ দশমিক ৩ কিলোমিটার।
তিনি জানান, ওমানের সঙ্গে যে নৌপথ নিয়ে সমঝোতা হয়েছে, সেটি স্থায়ী কোনো ব্যবস্থা নয়। পরিস্থিতি সামাল দিতে এটি সাময়িকভাবে চালু করা হবে।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও এলএনজি এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। তবে সংঘাতের পর থেকে প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।
এদিকে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির বৈঠকেও হরমুজ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অস্থায়ী নৌপথ চালুর পাশাপাশি প্রণালি থেকে মাইন অপসারণের সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
বদর আল-বুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যমে আশা প্রকাশ করেছেন, শিগগিরই নতুন নৌকরিডর চালুর ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে হরমুজের দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা ও স্থায়ী সমাধানের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
স্থায়ী ব্যবস্থাপনা কাঠামো তৈরিতে ইরান ও ওমানের মধ্যে কারিগরি আলোচনা অব্যাহত থাকবে। এতে তথ্য আদান-প্রদান, জাহাজ চলাচল এবং নৌ নিরাপত্তাসংক্রান্ত সেবা পরিচালনার বিষয়গুলো নির্ধারণ করা হবে।
এমএ//