জাতীয়

বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, সেপ্টেম্বরে শুরু কার্যক্রম

বাংলাদেশ থেকে আরও দুই লাখ কর্মী নেওয়ার প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু করবে মালয়েশিয়া। ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। মালয়েশিয়ার পক্ষ থেকে ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে।

দুই লাখ কর্মী নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো খরচ ছাড়াই নেওয়া হবে।

বৈঠকে থাকা মালয়েশিয়ার প্রতিনিধি এ উদ্যোগকে ‘জিরো কস্ট’ হিসেবে উল্লেখ করেন।

মীর শাহে আলম জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন। নতুন করে কর্মী পাঠানোর পাশাপাশি দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের বিষয়েও কাজ চলছে।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন