১০টি ঘোড়া জবাই, ভোর হওয়ায় ৩টি'র মাংস রেখে গেল দুর্বৃত্তরা
টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই করে ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করে স্থানীয়রা।
রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, পরিত্যক্ত একটি বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ৭টি ঘোড়ার জবাইকৃত মাংস নিতে পারলেও তিনটির মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া পড়ে দেখতে পায়।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা।
এলাকাবাসীরা আরও জানায়, আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনবো। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।
ওসি আলমগীর কবির জানান, পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। ভোর হওয়ায় ৭টি ঘোড়ার মাংস নিয়ে বাকি তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। এ ঘটনায় অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।
আর/আই