প্রবাস

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৌদি আরবে গুলি করে মো. কামরুল জামান (৩৭) নামে এক বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মো. কামরুলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামে। বিবাহিত কামরুল দুই ছেলের জনক ছিলেন।

গত রোববার (৩০ আগস্ট) সৌদি আরবের তায়েফ শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল ভোরে স্ত্রী হালিমা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় তাকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। স্ত্রী মুঠোফোনের অপর প্রান্ত থেকে সর্বশেষ স্বামীর ‘মা গো, মা গো’ চিৎকার শুনতে পান। এরপর কল কেটে যায়।

সৌদি আরবে থাকা স্বজনদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানায়, কামরুল সৌদি আরবের তায়েফ শহরের একটি বিপণিবিতানে চাকরি করতেন। গতকাল ভোরে ডিউটি শেষ করে বিপণিবিতানের সামনে দাঁড়িয়েই মুঠোফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এরই মধ্যে হঠাৎ এক সৌদি তরুণ তাকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে কামরুল বিপণিবিতানের ভেতরে ঢুকে পড়লে সেখানে ঢুকে তাকে তিনটি গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান কামরুল। পরে ওই সৌদি তরুণও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু নাসের চৌধুরী জানান, কৃষক বাবার সন্তান কামরুল জীবিকার জন্য ধারদেনা করে আড়াই বছর আগে সৌদি আরব গিয়েছেন। এখনো সব দেনা শোধ করতে পারেননি। সেখানে তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি একেবারে অসহায় হয়ে গেল।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিষয়ে জেনেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য তিনি জানেন না।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন