স্বাস্থ্য

প্রথমবারের মত দেশে রোবোটিক সার্জারি, দুই রোগীর সফল অস্ত্রোপচার

বাংলাদেশে প্রথমবারের মতো দুই রোগীর পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছেবলে জানিয়েছে ইউনাইটেড হেলথকেয়ার। রোগীদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

সোমবার (৩১ আগস্ট) মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’-এর সহায়তায় দুই রোগীর অস্ত্রোপচার করা হয়। আজ (১ সেপ্টেম্বর) ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথম অস্ত্রোপচারটি করা হয় পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর। অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও তার দল এ অপারেশন করেন

পরে অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণে ভোগা ৪৫ বছর বয়সী এক নারীর ওপর রোবোটিক সার্জারি করে করেন অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী)। দুটি অস্ত্রোপচারই বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিমের সহযোগিতায় সম্পন্ন হয়।

চিকিৎসকরা জানান, রোবোটিক সার্জারিতে চিকিৎসকরা ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির মাধ্যমে শরীরের ভেতরের অংশ স্পষ্টভাবে দেখতে পারেন। রোবোটিক আর্ম ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারায় শরীরের সংকীর্ণ ও জটিল স্থানেও তুলনামূলকভাবে নিখুঁতভাবে অস্ত্রোপচার করা সম্ভব

এতে ছোট কাটাছেঁড়া করে অস্ত্রোপচার, রক্তক্ষরণ কমানো এবং আশপাশের টিস্যুর ক্ষতি কমানোর সুযোগ তৈরি হয়। অস্ত্রোপচারের পর রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও থাকে।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, রোবোটিক সার্জারিতে রোবোটিক আর্ম মানুষের হাতের স্বাভাবিক নড়াচড়ার সীমাবদ্ধতা কাটিয়ে আরও নিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারে। বিশেষ করে জটিল ও সূক্ষ্ম অস্ত্রোপচারে এ প্রযুক্তি কার্যকর হতে পারে।

তিনি বলেন, প্রচলিত অস্ত্রোপচারের তুলনায় রোবোটিক সার্জারিতে খরচ প্রায় দুই থেকে তিন গুণ হতে পারে। তবে এ প্রযুক্তির ব্যবহার বাড়লে ভবিষ্যতে খরচ কমতে পারে বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) বলেন, রোবোটিক সার্জারি শিগগিরই কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও থোরাসিক সার্জারিতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন