দেশজুড়ে

বিস্ফোরণে উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া

মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। বিস্ফোরণে টিনের বেড়া উড়ে গেলেও কেউ হতাহত হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমাম আকাশ হাওলাদার মসজিদের পাশের একটি ঘরে থাকেন। বর্তমানে চিকিৎসার জন্য তিনি ঢাকায় অবস্থান করছেন। ওই ঘরের চাবি মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ওলিল আকনসহ তিন জনের কাছে ছিল।

বিকেলে হঠাৎ ওই ঘর থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে মসজিদের সামনে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, “মাদারীপুরে ঘরে ঘরে ককটেল বোমা তৈরির একটি প্রচলন রয়েছে। এখানে তারা নিজেদের প্রতিরক্ষা, প্রতিপক্ষকে আক্রমণ, সামাজিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও নিজেদের শক্তি প্রদর্শন করতে এ ধরনের বোমাজাতীয় বিস্ফোরক ব্যবহার করে।

তিনি বলেন, “সম্প্রতি মাদারীপুরে ঘটে যাওয়া বিস্ফোরণের প্রতিটি পৃথক পৃথক ঘটনাই বিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হতে পারে, যা বলা যায় বিচ্ছিন্ন ঘটনা। অন্য কোনও বিষয় এখানে নেই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন