প্রক্সি দিয়ে পরীক্ষা: চাকরিতে যোগদানে এসে প্রার্থী আটক
অফিস সহায়ক পদে প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে চাকরি পাওয়ার অপচেষ্টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে রিপন হোসেন নামে এক প্রার্থী আটক হয়েছেন। আটক রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের স্থায়ী বাসিন্দা। অফিস সহায়ক পদে তার রোল নম্বর ছিল ২১০১১৮৭।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) তাকে আটক করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। পিএসসি’র উপপরিচালক শোভন সমাদ্দার বিষয়টি নিশ্চিত করেন।
পিএসসি সচিবালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চাকরিতে যোগদানের উদ্দেশ্যে সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই শুরু করেন। এ সময় প্রবেশপত্রের ছবি ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজের সঙ্গে তার চেহারা অমিল পাওয়া যায়। এতে তার পরিচয় নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়।
সন্দেহের বিষয়টি উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি বিষয়টি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। কর্মকর্তারা যৌথভাবে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার তথ্য বেরিয়ে আসে।
জিজ্ঞাসাবাদের মুখে রিপন হোসেন নিজের অপরাধ স্বীকার জানান, লিখিত বা মৌখিক কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। উভয় পরীক্ষাতেই তিনি প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করেছিলেন। অপরাধ স্বীকারের পরই তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
আর/আই