ঢাকার হকারদের নিয়ে সিটি কর্পোরেশনের নতুন সিদ্ধান্ত
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মধ্যবর্তী সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সড়কটি হকারমুক্ত রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। একই সঙ্গে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে অফিস সময়ের পর রাতের বাজার চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
আব্দুস সালাম বলেন, মতিঝিলে অফিস সময় শেষ হওয়ার পর বিকেল ৪টা থেকে রাতের বাজার চালু করা হবে। সেখানে হকাররা বসতে পারবেন। তবে সপ্তাহের সাত দিন নগরের সব জায়গায় হকারদের বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। বিষয়টি হকারদেরও মেনে নিতে হবে।
তিনি বলেন, নির্ধারিত নিয়ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখেই হকারদের ব্যবসা পরিচালনা করতে হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।
এ সময় নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
এসি//