দেশজুড়ে

পাগলা শিয়ালের কামড়ে আহত ২০, পিটিয়ে মারা হলো ৩টি

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার চাপাইর ইউনিয়নের ঢুলিগড়া ও ভাল্লুকবের এলাকায় শিয়ালের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। কয়েকটি গবাদিপশুকেও শিয়াল আক্রমণ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে আতঙ্কিত এলাকাবাসী তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে শিয়ালের আক্রমণে হতাহতের এসব ঘটনা ঘটে। এর আগের দিন বুধবার বিকেল থেকেই এলাকায় শিয়ালের আনাগোনা ও আক্রমণ শুরু হয় বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলের দিকে হঠাৎ করে কয়েকটি শিয়াল গ্রামের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা শুরু করে। এ সময় তারা গবাদিপশুর ওপর হামলা চালায়। বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালগুলো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। সড়ক ও আশপাশের এলাকায় চলাচলকারী পথচারী ও কর্মজীবী মানুষদের ধাওয়া করে কামড়াতে শুরু করে। এতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আত্মরক্ষায় স্থানীয়রা একত্রিত হয়ে শিয়ালগুলোকে তাড়া করেন। একপর্যায়ে তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলা হয়।

ঢুলিগড়া গ্রামের বাসিন্দা সুকুমার বর্মণ বলেন, বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝোপ থেকে বের হয়ে একটি শিয়াল তাদের ওপর হামলা চালায়। এতে দুজন আহত হন।

একই গ্রামের আলমাস মিয়া বলেন, সকালে একটি শিয়াল গরুর ওপর হামলা চালায়। তিনি লাঠি নিয়ে সেটিকে তাড়াতে গেলে শিয়ালটি উল্টো তার দিকে তেড়ে আসে। পরে আত্মরক্ষায় তিনি সরে যান।

শিয়ালের কামড়ে আহতদের অনেকেই চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনিম জাহান মুনমুন বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে। গুরুতর আহতদের জন্যও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন