বিএসটিআইয়ের জরিমানা
বিক্রমপুর-রসের হাড়ির মিষ্টি তৈরি হতো নোংরা পরিবেশে
রাজধানীর মিরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে নামি-দামি মিষ্টির দোকানে সরবরাহের অভিযোগে একটি নামবিহীন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) মিরপুরের ই-১, ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বিএসটিআই জানিয়েছে, মান সনদ ও লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছিল।
অভিযানে প্রতিষ্ঠানটির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির চিত্র দেখতে পান কর্মকর্তারা। সেখানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি এবং কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হতো বলে জানা যায়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিবেশ ও উৎপাদনব্যবস্থার মান দ্রুত উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ নেওয়ার পর কেবল অনুমোদিত পণ্য বাজারজাত করতে বলা হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্স ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//