সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশাকে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাদিয়া (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের চণ্ডিদাসগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিয়া সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে। তিনি সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। এবার তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন সিএনজি চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬) ও তানজিদ (২২)। তাদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সজল হোসেন জানান, নাদিয়াসহ চারজন যাত্রী সিএনজি অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। চণ্ডিদাসগাতী বাজার এলাকায় পৌঁছালে চলন্ত সিএনজিটির পেছনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাদিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত নাদিয়ার সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএ//