দেশজুড়ে

পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গে পালাল বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশীর ওয়্যারলেস এলাকায় ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। তার সহযোগীদের হামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে ওসির সরকারি গাড়ি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের অভিযান শুরুর আগেই ওয়াকিল তার বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গেল দুই বছর ধরে খুলশী ও পাহাড়তলীর পাহাড়ি এলাকায় পাহাড় কাটা, জমি দখল ও পাল্টা দখল এবং মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে ওয়াকিলের নাম এসেছে। সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায়ও তিনি ২ নম্বর আসামি।

ওয়াকিল স্থানীয় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, কলেজ শিক্ষককে মারধর ও নির্যাতনের মামলায় ওয়াকিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর আগে একটি অস্ত্র মামলাতেও তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এসব পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।

ওসি বলেন, পুলিশ ওয়্যারলেস এলাকায় পৌঁছানোর পরই ওয়াকিলের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে বাধা দেয়। বাসায় পৌঁছানোর আগেই ওয়াকিল গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, অভিযানের সময় ওয়াকিলের সহযোগীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু ছোড়ে। এতে ওসির সরকারি গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। হামলায় ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে পুলিশ তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়াকিলের অনুসারীরা সেখান থেকে সরে যাওয়ার পর তার ওয়্যারলেস কলোনির বাসায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়।

ওয়াকিল হোসেন ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। পুলিশ জানিয়েছে, খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন