নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
‘নোয়াখালীকে বিভাগ ঘোষণা’র দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকাস্থ নোয়াখালীবাসীরা। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় ছেড়ে দেন তারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। পরে সাড়ে ৫টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।
দুপুরে জুমার নামাজের পর রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা। চকবাজার, মতিঝিল, কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকেও নোয়াখালীর বাসিন্দারা এ কর্মসূচিতে যোগ দেন। নোয়াখালী ও আশপাশের জেলা লক্ষ্মীপুর ও ফেনী থেকেও অনেকে বাসযোগে ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
এ সময় আন্দোলনকারীকে নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো শাহবাগ মোড় অবরোধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
অবরোধের কারণে শাহবাগ থেকে গুলিস্তান হয়ে ধানমন্ডি এবং শাহবাগ হয়ে গাবতলীসহ বিভিন্ন রুটে গণপরিবহন ও সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়।
আই/এ