রাজধানী

ফার্নিচারের গোডাউনে ভয়াবহ আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ৯টা ১৯ মিনিটে সেখানে পৌঁছায়। এরপর অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনের তীব্রতা বিবেচনায় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। তবে বারিধারা ফায়ার স্টেশনের কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় অতিরিক্ত ইউনিটের আর প্রয়োজন হয়নি। ফলে পূর্বাচল ফায়ার স্টেশনের পথে থাকা দুটি ইউনিটকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করায় আগুন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।

অগ্নিকাণ্ডের পর এখন আগুন পুরোপুরি নেভানোর কাজের পাশাপাশি কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন