মাতলামি, ভাঙচুর, টোলের টাকা নদীতে ফেলার ঘটনায় পুলিশ সদস্য প্রত্যাহার
নারায়ণগঞ্জের পাঁচ নম্বর খেয়াঘাটে মদ্যপ অবস্থায় মাতলামি, ভাঙচুর ও টোলের টাকা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মান্নানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ব্যস্ততম পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত মান্নান প্রায় ২০ দিন আগে নারায়ণগঞ্জ সদর নৌ থানায় যোগদান করেছিলেন। এর আগে তিনি র্যাব-৩-এ কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে এএসআই মান্নান খেয়াঘাট এলাকায় গিয়ে হঠাৎ করেই চরম মাত্রায় মাতলামি ও বিশৃঙ্খলা শুরু করেন। একপর্যায়ে তিনি সেখানে নাচানাচি ও ভাঙচুর চালান এবং খেয়াঘাটের ইজারাদারের টোল আদায়ের সব টাকা নদীতে ছুড়ে ফেলে দেন। তার এমন অস্বাভাবিক আচরণে মুহূর্তেই সেখানে সাধারণ মানুষের ভিড় জমে যায়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের উচ্চ মহলের নজরে আসে। এর জেরে শনিবারই তাকে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ সদর নৌ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুরো ঘটনাটি খতিয়ে দেখতে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান প্রধান এবং উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ পাটোয়ারীকে সমন্বয় করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন নাকি সত্যিই কোনো মানসিক অসুস্থতার কারণে এমন আচরণ করেছেন, তা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত করে বলা সম্ভব হবে।
আর/আই