আন্তর্জাতিক

‘রাশিয়াকে কামাকাজি ড্রোনের উপকরণ সরবরাহ করতো চীন’

ছবি: সংগৃহীত

রাশিয়ার কামিকাজি ড্রোন তৈরিতে ব্যবহৃত উপকরণ সরবরাহের অভিযোগ উঠেছে চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শিপিং ও কাস্টমস নথি বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

অনুসন্ধান অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে চীনের রাষ্ট্রায়ত্ত জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান আলাবুগা-ভলকনোতে প্রায় ৪৬ টন কার্বন ফাইবার তৈরির কাঁচামাল পাঠিয়েছে। এসব উপকরণ দীর্ঘপাল্লার ‘গেরান’ কামিকাজি ড্রোন তৈরিতে ব্যবহৃত হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নথি অনুযায়ী, সরবরাহ করা উপকরণটি ছিল ‘পলিঅ্যাক্রিলোনাইট্রাইল’ বা প্যান প্রিকার্সর, যা উচ্চ শক্তির কার্বন ফাইবার তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল। কার্বন ফাইবার গেরান ড্রোনের বিভিন্ন কাঠামোগত অংশ তৈরিতে ব্যবহৃত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পণ্যটির প্রকৃত পরিচয় আড়াল করতে কাস্টমস নথিতে সাধারণ সিনথেটিক ফাইবারের কোড ব্যবহার করা হয়েছিল। নথিগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেনের কর্মকর্তারাও পর্যালোচনা করেছেন বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার কামিকাজি ড্রোনগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রচলিত আইন মেনেই কার্যক্রম পরিচালনা করে।

এদিকে চীনের পক্ষ থেকেও প্রাণঘাতী অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন