রাতে নামাজ পরে বের হন ঘর থেকে, সকালে পুকুরে মিললো মরদেহ
পাবনার সাঁথিয়ায় একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিয়াপুর ইউনিয়নের মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকাল ৯টার দিকে মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয়রা পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি সাঁথিয়া থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
ওসি আনিসুর রহমান বলেন, পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আই/এ