দেশজুড়ে

বেশি দামে ভোজ্য তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার বাহিরগোলা বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রি এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা হালনাগাদ না রাখাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার মো. শাকির ইমাম তালুকদারকে ২০ হাজার টাকা এবং মেসার্স এ. রহমান ট্রেডিংয়ের ম্যানেজার মো. শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বাহিরগোলা বাজারসহ আশপাশের কয়েকটি বাজারেও নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানায় ভোক্তা অধিদপ্তর।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন