জাতীয়

বিশ্বের সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার দ্রুত ও বন্ধুত্বপূর্ণ সমাধান নাও হতে পারে। তবে সংকট নিরসনে চেষ্টার কোনো ঘাটতি থাকবে না।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন। এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়।

দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমান বলেন, বিশ্বের প্রতিটি সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে—এমন সরল ধারণা তিনি করেন না। কিছু বিষয় দীর্ঘদিন অমীমাংসিত থেকে যেতে পারে এবং কোনো কোনো সংকটের সমাধানে সময় প্রয়োজন হতে পারে। তবে যেখানে সমাধানের সুযোগ রয়েছে, সেখানে সহাবস্থানের পথ খুঁজে বের করার চেষ্টা অব্যাহত থাকবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম এগিয়ে নিতে সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।

তার মতে, সদস্য রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে সভাপতির দায়িত্ব পালন আরও সহজ হবে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রস্তাবিত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ড. খলিলুর রহমান। একই সঙ্গে নাগরিক সমাজ, ব্যবসায়ী গোষ্ঠী ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জাতিসংঘের কার্যক্রমের সঙ্গে আরও সম্পৃক্ত করার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জাতিসংঘে প্রতিনিধিত্বের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি তাদের পরিস্থিতি সরাসরি দেখেছেন। রোহিঙ্গাদের দুর্ভোগ এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার বিষয়টিও তিনি প্রত্যক্ষ করেছেন।

উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। পরবর্তী সময়ে রাজনীতিতে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন। পরে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন