আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ১৩ বিমানবন্দরে টিকিট ছাড়াই টার্মিনালে প্রবেশের সুযোগ

যুক্তরাষ্ট্রের ১৩টি বিমানবন্দরে এবার টিকিট ছাড়াই টার্মিনালের ভেতরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। পরীক্ষামূলক এই ব্যবস্থায় যাত্রীদের স্বজন ও বন্ধুরা নিরাপত্তা তল্লাশি পেরিয়ে বিমান ওঠানামার গেট পর্যন্ত যেতে পারবেন। ফলে প্রিয়জনকে বিদায় জানানো কিংবা বিমানবন্দরে স্বাগত জানানোর সুযোগ মিলবে তাদের।

পরিবহন নিরাপত্তা প্রশাসনের এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘গেটসাইড’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার আগে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে টিকিট না থাকা ব্যক্তিরাও যাত্রীদের সঙ্গে গেট পর্যন্ত যেতে পারতেন। হামলার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হলে বন্ধ হয়ে যায় এ সুবিধা।

‘গেটসাইড’ কর্মসূচির আওতায় টার্মিনালে প্রবেশ করতে হলে আবেদনকারীকে আগে থেকেই টিএসএ প্রিচেকের অনুমোদিত যাত্রী অথবা ‘নোন ট্রাভেলার নম্বর’ধারী হতে হবে। বিমানবন্দরে যাওয়ার এক থেকে তিন দিন আগে টিএসএর ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনুমোদন পাওয়ার পর টিকিটধারী যাত্রীদের মতোই নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করে টার্মিনালে প্রবেশ করা যাবে।

তবে প্রতিটি বিমানবন্দর প্রতিদিন কতজন দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে, সে সংখ্যা নির্ধারণ করতে পারবে। অতিরিক্ত ভিড়ের সময় কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত রাখার সুযোগও থাকবে বিমানবন্দর কর্তৃপক্ষের।

বর্তমানে কর্মসূচির আওতায় থাকা ১৩টি বিমানবন্দর হলো—অ্যারিজোনার মেসা গেটওয়ে, ওহাইওর জন গ্লেন কলম্বাস, টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ, মিশিগানের ডেট্রয়েট মেট্রোপলিটন, কানসাসের উইচিটা, ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপোলিস, নেভাদার হ্যারি রিড, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগো, আরকানসাসের লিটল রক, ওকলাহোমার ওকলাহোমা সিটি, নেব্রাস্কার ওমাহা এবং ইউটাহর সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দর।

পরিবহন নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, টার্মিনালে প্রবেশের পর দর্শনার্থীদেরও যাত্রীদের মতো বিমানবন্দরের সব আচরণবিধি এবং স্থানীয় ও কেন্দ্রীয় আইন মেনে চলতে হবে। কোনো নিয়ম ভঙ্গ করলে তাদের প্রবেশ পাস বাতিল হতে পারে। পাশাপাশি বিমানবন্দর থেকে বহিষ্কার কিংবা দেওয়ানি ও ফৌজদারি শাস্তির মুখেও পড়তে পারেন তারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন