মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে করা বাস মালিক সমিতির আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত জানিয়েছেন, কেবল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুমোদিত বাসগুলোই সড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের শুনানিতে বিআরটিএর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।
শুনানি শেষে তিনি গণমাধ্যমকে জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এ ধরনের বাস চলাচলের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল।
রাফিউল ইসলাম আদালতকে জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারা অনুযায়ী যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারিত রয়েছে। কেউ এই স্পেসিফিকেশন লঙ্ঘন করলে তা আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেকশন ৮৪ অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি ৩ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা হতে পারে। এছাড়া আইনের ২৮ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, সঠিক রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না।
তিনি আরও বলেন, আদালত জানিয়েছে বিআরটিএ যাদের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল তারাই রাস্তায় গাড়ি চালাতে পারবে। স্লিপার বাস চালানোর তো কোনো অনুমোদনই নেই। হাইকোর্টও পারমিশন দেয়নি
আর/আই